কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে নিজের মাকে কুপিয়ে এবং আছাড় দিয়ে আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম মো. ইমন (২৫)।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম (৬৫) এবং তার ভাতিজি আট মাস বয়সী ইসরাত জাহান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি ও ইসরাতের মা রাবেয়া বেগম (৩৫)।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইমন তার ভাতিজি ইসরাতকে আছাড় দেন। এ সময় ইমনের মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া বাধা দিতে এলে ইমন দা নিয়ে তাদের ওপর হামলা করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত রাবেয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারা আরও জানায়, ইমন কয়েক বছর ধরে পায়ের চোটের চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রোববার তার পায়ে অস্ত্রোপচার হয়।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।