খালে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি জানান, সকালে স্থানীয়রা খালের পানিতে প্লাস্টিকের একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যার পর মরদেহ ড্রামে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে।’

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।