রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার চেষ্টার ঘটনায় আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব আয়াসসহ কয়েকজন শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি মুছে ফেলতে গিয়েছিলেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক একাডেমির সামনে থেকে আয়াসকে আটক করার কথা জানিয়েছিলেন।
গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর, ফুটপাত সংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
