রাজশাহীতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে গান পাউডার, বোমা তৈরির উপকরণ ও ৭টি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন-মো. আতিকুর রহমান (৩৫), মো. শাহীন আলী (২৫) ও মো. শহিদুল (২৬)।

আজ শুক্রবার কাটাখালী থানাধীন কাপাসিয়া পাহাড়পুর এলাকায় আতিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, বোমা তৈরির স্প্লিন্টার, ৪টি বিদেশি রিভলবার, ৩টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, 'আতিক তার পোল্ট্রি ফার্মের কাছে এসব গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন।'

আটককৃতরা রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল বলেও উল্লেখ করেন তিনি।