সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত এই ৫০ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বুধবার।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এই ভোট আয়োজনে যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা একটু পরিবর্তন হবে। তাই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখ তফসিল ঘোষণার দিন জানানো হবে।
ইসি সচিব বলেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার সময়সীমা গেজেট প্রকাশের পর থেকে এক মাসের মধ্যে। তবে এই সময়সীমা বাড়াতে কয়েকজন অসুস্থতাসহ বিভিন্ন কারণে আবেদন করেছেন। কমিশন আরও এক মাস সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যেন তারা তাদের ব্যয়ের রিটার্ন জমা দিতে পারেন।
৯ এপ্রিল অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের উপনির্বাচন ও বগুড়া-৬ আসনের সাধারণ নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এই দুই আসনের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারের সঙ্গে ইসির আলোচনা হয়েছে। শেরপুর-৩ আসনে ১২৯টি কেন্দ্রে ও বগুড়া-৬ আসনে ১৫১টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‘এই দুই আসনের নির্বাচন নিয়ে দুশ্চিন্তা হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে। যেটুকু তথ্য আমরা পেয়েছি, এই দুই ভোটে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে, তারা সার্বিক পরিস্থিতি সবসময় মনিটর করছেন। আমরা স্পষ্ট করে বলে আসছি, এই দুই নির্বাচন ১২ ফেব্রুয়ারি থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না’, যোগ করেন তিনি।
চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল স্থগিত রাখার প্রসঙ্গে ইসি সচিব বলেন, আদালতের সিদ্ধান্তের জন্য আমরা এখনো ফলাফল সরকারিভাবে প্রকাশ করিনি। আদালত যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সেভাবে এই দুই আসনের ফল ঘোষণা করব।
ইসি সচিব আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে না। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কমিশন সভায় কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এই নির্বাচন নিয়ে আমাদের কোনো টাইমলাইনও নেই।