‘এ অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

চলতি বছরেই দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মীর শাহে আলম।

নির্বাচন বিষয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে। তবে এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করব।’

শ্রীমঙ্গলের ময়লার ভাগাড়ের জন্য শহরের বাইরে সরকারি নিরাপদ জায়গা খোঁজা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।’

‘এ ছাড়া, পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ৬ মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে’, যোগ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।