সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার

নিখোঁজের পর দিন সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি খাল থেকে মামুনুর রহমান পাপ্পু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাপ্পুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকায়। তার বাবার নাম আব্দুল মান্নান। তিনি সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটিতে বসবাস করতেন এবং নবীনগর এলাকার একটি শপিংমলের দোকানকর্মচারী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সজল খান বলেন, পাপ্পু গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বেড় হন। এরপর আর ফেরেননি। স্বজন পাপ্পুর ২ বন্ধুর কাছে জানতে পারে, গতকাল সকালে পাপ্পু খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। পাপ্পুর স্বজন এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করলে তারা খুঁজতে শুরু করে। ওই খালে মরদেহ ভাসতে দেখে থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা পাপ্পুর ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছি, বলেন সজল।