নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন খলিলুর রহমান। এসময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথা জানান।

খলিলুর রহমান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।

নেপালের নুওয়াকোট জেলার ত্রিশূলীতে আকস্মিক বন্যার পর নিখোঁজ পরিবারের সদস্যের অপেক্ষায় কাঁদছেন এক নারী। ছবি: রয়টার্স

ফোনালাপে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্বজনদের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও প্রার্থনার কথাও জানান।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি নাগরিক।

বৃষ্টি ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়িঘর ধ্বংস হয়েছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং প্রবল কাদা ও পানির স্রোতে সেতু ভেসে গেছে।

আকস্মিক বন্যার পর গালছিতে ভেঙে যাওয়া সেতুর ওপর দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স

খলিলুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুঃখজনক ঘটনা পাওয়া গেলে বাংলাদেশকে সহযোগিতার জন্য নেপাল সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এ কঠিন সময়ে বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নেপালের কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।’