কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদকারী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত জুলুস মিয়া (৫৫) উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় নারায়নপুর গ্রামে জুলুস মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় ওই গ্রামের একজন একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়া প্রতিবাদ করেন। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) ও ফখরুলের মারধরে জুলুস মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, 'খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।'