পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ২ ফ্লাইট স্থগিত
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পরিচালনাগত অনিবার্য পরিস্থিতির কারণে ফ্লাইট দুটি স্থগিত করা হয় বলে আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ।
আকস্মিক এই বিঘ্নের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
এতে আরও বলা হয়, এসব ফ্লাইটে বুকিংকৃত যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্লাইট দুটির নতুন সময়সূচি বা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল রোববার বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।
ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ বা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যেতে পারেন বলেও জানিয়েছে সংস্থাটি।