অন্ধত্ব নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অন্ধত্ব নিরসনে বৈশ্বিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব চক্ষু সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বক্তব্যে তিনি আগামী দিনে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ও এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধিদলটি বাংলাদেশে চক্ষু সেবার অগ্রগতি ও বিশ্বজুড়ে এই খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
সম্মেলনের আয়োজক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস’ (আইএপিবি)। এটি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী ফোরাম।