ব্যবসায়ীর বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল
নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীর বাড়ির ছাদে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার চরজব্বর ইউনিয়নে চরহাসান গ্রামের বসির আহমেদ প্রকাশের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ডিজেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী সদর ও সুবর্ণচরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। এর মধ্যেও এক শ্রেণির ব্যবসায়ী অসৎ উপায়ে জ্বালানি তেল মজুত করে যাচ্ছেন। ব্যবসায়ী বসির আহমেদ প্রকাশ কিছুদিন ধরে বাড়ির পানির ট্যাংকে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করছিলেন।
গোপন খবর পেয়ে ইউএনও আকিব ওসমান গতকাল রাতে পুলিশসহ ওই বাড়িতে অভিযান চালান।
ইউএনও আকিব ওসমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।'
তিনি জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।