দোকান, বিপণিবিতান সন্ধ্যায় খোলা রাখার সময় বাড়ল
দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকান মালিকেরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গতকাল রাতে আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের দাবির কথা জানিয়েছি। তার নির্দেশ অনুযায়ী, এখন থেকে দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার বদলে ৭টায় বন্ধ হবে।’
জ্বালানি সংকটের কারণে গত শুক্রবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা কার্যকর হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা বাড়তি এক ঘণ্টা সময় পেলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বর্তমানে দেশে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অকটেন ও পেট্রোল মজুত রয়েছে বলেও জানান তিনি।