এসি বাস-মিনিবাসের জন্য শিগগির ভাড়ার তালিকা, বসবে জিপিএস ট্র্যাকার: সড়ক পরিবহনমন্ত্রী
শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য শিগগির ভাড়ার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, এই ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটালি প্রদর্শন করা হবে।
প্রশ্ন সংসদের টেবিলে উত্থাপিত হয়। সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে জিপিএস প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে।
এটি চালু হলে যানবাহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে যানবাহন যত্রতত্র থামানো, অতিরিক্ত ভাড়া আদায় ও ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গতিসীমা অতিক্রম বা ট্রাফিক আইন লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
পেশাগত অসদাচরণে জড়িত ব্যক্তি বা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বর্তমানে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বিভাগীয় মামলার মুখোমুখি রয়েছেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ২৫টি মিলের মধ্যে বর্তমানে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় চলছে। বন্ধ মিলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২০ সালের ১ জুলাই বিজেএমসির ২৫টি মিলের সবগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০টি মিল ইজারা ভিত্তিতে চালুর সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৪টি ইজারা বাতিল হয়েছে, ৯টি মিল পুনরায় চালু হয়েছে এবং ৬টি মিল ইজারা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
তিনটি মিলের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে, একটি মিলের মূল্যায়ন চলছে এবং আরেকটির জন্য ইজারাদার আহ্বান করা হয়েছে। সরকারের ৩১ দফা কর্মসূচির আলোকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে বলে আশা করা হচ্ছে।
সরকারদলীয় দলের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগরের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৩০টি দেশে কাঁচা পাট এবং ১৩৮টি দেশে পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে।
ওই অর্থবছরে ৪২ হাজার ৩৯ মেট্রিক টন কাঁচা পাট এবং ৭ লাখ ৫১ হাজার ৭৩৯ মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করা হয়। চলতি অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) মধ্যে ২২ হাজার ৮৫০ মেট্রিক টন কাঁচা পাট এবং ৪ লাখ ৯ হাজার ৩৬৬ মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।