কৃষক কার্ড বিতরণে বৈষম্য বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা বৈষম্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। উপজেলার পাঁচপীর ইউনিয়নে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে উপজেলার দুই হাজার কৃষকের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

তিনি বলেন, কৃষক নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন ধাপে যাচাই-বাছাইয়ের কাজ করেছে। কেবল যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। ইতোমধ্যে কর্মসূচি উদ্বোধন হয়েছে। আগামী আড়াই মাসে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।