শহরের এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন পাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টার অনলাইন রিপোর্ট

শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত অবস্থায় থাকা প্রায় ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মাস দুয়েকের ভেতরে এগুলো মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে।

আজ বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি মাসের মধ্যেই প্রায় ২০০ এর মতো ভবনগুলোর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।’

শহর এলাকায় অব্যবহৃত পড়ে থাকা আবাসনগুলো স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান আরও বলেন বলেন, ‘স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ২০০ এর মতো ভবন ছিল, যেগুলোর কোনো ব্যবহার ছিল না। কোনোটি পাঁচতলা, কোনোটি আটতলা। বর্তমান সরকার কিছু দিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিয়েছি।’