দেশের স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় নয়: আমীর খসরু
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যে–ই হোক, তাদের আইনের চোখে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ এখন স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে চলছে। এই অগ্রযাত্রায় কেউ বাধা দিলে ছাড় নয়।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি রয়েছেন, তাদের কোনো দল নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশের আইনই ব্যবস্থা নেবে। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি—বিশ্ববিদ্যালয়কে দলীয়করণের কোনো সুযোগ দেওয়া হবে না। আমি একটু আগে ইউনিভার্সিটিতে বলছিলাম—বাইরের কেউ যেন ঢুকতে না পারে। এখানে শিক্ষার্থীরা লেখাপড়া করবেন। দলীয়করণের কোনো সুযোগ নেই।