সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪৯ জন

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার এই ৪৯ সংসদ সদস্যের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, বিএনপি জোটের ৩৬, জামায়াত ইসলামী জোটের ১২ ও স্বতন্ত্র একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

মো. মঈন উদ্দীন খান বলেন, 'গত ৮ এপ্রিল সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি।'

'যে কয়টি সদস্যপদ শূন্য, ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ায় আমরা এই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী আইনের ১২ এর দুই ধারা অনুযায়ী, আগামীকাল সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। আগামীকাল এটা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেবো,' বলেন তিনি।

ইসি কর্মকর্তারা জানান, বেসরকারিভাবে ঘোষিত এই ৪৯ জন সংসদ সদস্যদের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নের বিষয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, 'প্রার্থী নুসরাত তাবাসসুম আদালতে রিট করেছিলেন। ওই রায়ের কপি আমাদের কাছে এসেছে। আদালত আমাদের ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজ করব।'

মনোনয়ন বাতিল হওয়া এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা প্রসঙ্গে মঈন উদ্দীন খান বলেন, 'তিনি আদালতে আপিল করেছেন বলে কোনো তথ্য আমাদের কাছে এখনো নেই।'

মনিরা শারমিন আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সার্টিফায়েড রায়ের কপি আজ সংগ্রহ করেছি। আগামীকাল আমি আদালতে রিট করব।'