সৌদিতে ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন

স্টার অনলাইন রিপোর্ট

চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে আট জন পুরুষ ও এক জন নারী। তাদের মধ্যে সাত জন মক্কাতে এবং বাকি দুই জন হজযাত্রী মদিনাতে মারা গেছেন।

সর্বশেষ গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা মাহফুজা বেগম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৪ হাজার ৭১ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪২,৪৪৩ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেছেন।

এ পর্যন্ত হজ যাত্রীদের বহনকারী ১১৮টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদিয়ায় ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর মোট ৭৮ হাজার ৫৯৯ জন বাংলাদেশি হজ পালনের অনুমতি পেয়েছেন।