ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
গত ৩০ এপ্রিল রেলভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট।
টিকিট কালোবাজারি রোধ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিটি যাত্রী এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদের মৌসুমে একজন যাত্রী একবারই টিকিট কেনার সুযোগ পাবেন।
রেলওয়ে জানিয়েছে, ঈদের এই অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া (রিফান্ড) যাবে না। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রি করা হবে। উচ্চ শ্রেণির কোচ বাদে মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট এভাবে বিক্রি করা হবে।
ফিরতি টিকিটের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে পরে জানানো হবে।