লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
আজ শনিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, লালমনিরহাট ও ভারতের প্রায় ৩৬০ দশমিক ১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে প্রায় ২৭৮ দশমিক ২৮ কিলোমিটার।
লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছে। সব ক্যাম্প ও বিওপিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের তৎপরতার কারণে সীমান্ত এলাকায় চোরাচালান অনেকাংশে কমেছে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।’

লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।’
টহল জোরদারের বিষয়ে দহগ্রাম সীমান্ত এলাকার বাসিন্দা কৃষক নাহের আলী (৬৫) বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত টহল দেওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।’