হামে ৩ শতাধিক শিশুর মৃত্যু: ড. ইউনূস ও নূরজাহানসহ জড়িতদের শাস্তির দাবি সিপিবির

স্টার অনলাইন রিপোর্ট

হামে তিন শতাধিক শিশুর মৃত্যুর জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে সিপিবির পল্টন শাখার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ইউনূস সরকারের গাফিলতিতে এ ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা তথ্যপ্রমাণসহ বলেছেন।

তিনি বলেন, শিশুদের টিকাদান কর্মসূচিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু ইউনূস সরকারের অবহেলার কারণেই আজ এই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। অথচ সরকার রহস্যজনকভাবে দায়ীদের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সংসদে সরকারি ও বিরোধীদল অনেক অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, হামে আক্রান্ত অনেক শিশু পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না পেয়ে মারা গেছে। সরকার আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক শিশুর মৃত্যু এড়ানো যেত।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির ঢাকা মহানগরের সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদিব সাহা, পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।