চট্টগ্রামে বাসার ভেতর থেকে নারী শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার দেওয়ানজি পুকুর পাড় এলাকায় নিজের বাসা থেকে এক নারী স্কুলশিক্ষকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত পলি চৌধুরী (৪৬) পটিয়া উপজেলার একটি স্কুলের শিক্ষিকা। ওই বাসায় তিনি একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের স্বজনরা পুলিশকে জানান, শনিবার থেকে তিনি ফোনকল রিসিভ করছিলেন না। পরে কোনো সাড়া না পেয়ে ও ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।’

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও মৃতের পরিচয় সম্পর্কে আর বিস্তারিত জানায়নি পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আফতাব।