প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী
প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, অবিচার, জুলুম বা নির্যাতন সহ্য করবেন না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, ‘ভারত বিশাল দেশ। উনাদের আমি শ্রদ্ধা করি কারণ গণতন্ত্র তারা লালন করেন। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব যদি ওই দেশের সংখ্যালঘুদের (মুসলিম) তারা আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়।’
‘আমি একটা কথা বলি, ভারতে কী ঘটছে সেটা বড় বিষয় নয়। ভারতে ঘটছে বলে এখানেও ঘটবে—এটা কোনো কথা নয়,’ বলেন ধর্মমন্ত্রী।
‘প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলাম্বী কারোর ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না।’
প্রধানমন্ত্রীকে নিয়ে মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সন্তান প্রধানমন্ত্রী হয়েছেন, তাও এত জুলুম-অত্যাচারের শিকার হওয়ার পর, এমন উদাহরণ পৃথিবীর অন্য কোনো দেশে নাই।’
‘অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি ও প্রধানমন্ত্রী হয়ে এত কাজ করছেন। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে,’ বলেন তিনি।
রমজান ও ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা মুসলমানরা দুইটা জিনিস অনুসরণ করি, কুরআন ও হাদিস। এর বাইরে কিছু নাই। আল্লাহ বলেছেন, চাঁদ দেখে রোজা রাখ। নবীজির জন্মভূমি সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ করতে হবে—এমন কোনো নির্দেশনা কুরআন-হাদিসে নেই।’
হজ এজেন্সিগুলোর অনিয়ম ও হজের ব্যয় কমানো প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার ইতোমধ্যে হজ খরচ কিছুটা কমিয়েছে। আগামীতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হজের খরচ আরও কমবে।’