পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রামিসা আক্তার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা।
স্থানীয়দের বরাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেলের (৩২) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি হাসান বাসির বলেন, শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ডেইলি স্টারকে বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সোহেল আত্মগোপনে চলে যান। তবে ঘটনার ১০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।