সাভারে হাটে ইজারাদারের লোকজনের হামলায় গরু বিক্রেতার মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের হামলায় এক গরু বিক্রেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শহীদুল্লাহ কায়সার (৫০) ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি নিজ এলাকায় ওষুধের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গত ২১ মে শহীদুল্লাহ, তার ভাই মাসুদ রানা ও ভাগনে ফিরোজ কবির ১৮টি গরু ও দুটি ছাগল বিক্রির জন্য পাড়াগ্রাম পশুর হাটে যান। গতকাল রাতে তাদের গরু বাঁধার বরাদ্দ করা জায়গায় এক ব্যক্তি গরু বাঁধতে গেলে শহীদুল্লাহ বাধা দেন। পরে ওই ব্যক্তি বিষয়টি হাটের ইজারাদারের লোকজনকে জানালে তারা এসে ফিরোজ কবিরের ওপর হামলা করেন। পরে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহ তার ভাগনে ফিরোজকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই কাজী রেজাউল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে।