দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: প্রতিমন্ত্রী
বর্তমানে দেশে কোনো বিদ্যুৎ ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বৃহস্পতিবার যশোরে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ঘাটতি না থাকায় পরিকল্পিত লোডশেডিংয়েরও কোনো সুযোগ নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
যশোর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।