সোয়া ২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনার প্রায় সোয়া দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে গফরগাঁওয়ের মশাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনটি মশাখালি স্টেশন পার হওয়ার সময় হঠাৎ সেটির ইঞ্জিনের হুক ভেঙে যায়। এতে বগিগুলো রেললাইনে রেখে ইঞ্জিনটি আলাদা হয়ে বেশ কিছুদূর এগিয়ে যায় এবং পরে সেটি ময়মনসিংহে চলে আসে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বিকল্প ইঞ্জিনটি এসে পৌঁছানোর পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি সচল করা হয় এবং দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।