দুটি নয়, তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইটি নয়, তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে। মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তৌফিকুর রহমান বলেন, আমি চিঠিটি ইনডোর্স করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়েছি। আগামীকাল থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের কাজ শুরু হবে। আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি, যেন সাংবাদিকসহ সব ধরনের অংশীজনকে নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান ডেইলি স্টাকে বলেন, চিঠিটি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে।

এর আগে গতকাল শুক্রবার ডিসি তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আজ বিকেলে (শুক্রবার) আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক পদবি ও ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’