মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: এ্যানি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি—আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার বা আপনাদের তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, এরা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কেউ যদি গর্তে পড় যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না।’

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নারীবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।’

এ্যানি আরও বলেন, ‘একজন মা যদি এই সহায়তা পান এবং সচেতন থাকেন, তাহলে তিনি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। তার সন্তানরা শিক্ষিত হলে পুরো জাতিই উপকৃত হবে। এ কারণেই এই অর্থ ব্যয় নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।’

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।