চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে, অন্য বোর্ডে চলার পক্ষে মতামত

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দুপুর ২টার দিকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত হবে বলে সবাই মত দিয়েছেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে যখন এই বৈঠক চলছিল, তখন বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করছিলেন একদল পরীক্ষার্থী। সকাল সাড়ে ১১টার দিকে তারা সেখানে অবরোধ করেন। কয়েকজন অভিভাবকও সেখানে বিক্ষোভে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমরসমান পানি ভেঙে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে গেছেন।

সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে নিয়ে আলোচনার প্রস্তাব দেয়। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দিকে গেলে ভিসি চত্বরের কাছে পুলিশ তাদের গতিরোধ করে।