এমন কোনো ইস্যু নেই যেটা বসে সমাধান করা যায় না: ভারতের হাইকমিশনার
আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খুবই ভালো আলোচনা হয়েছে জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমাদের আমন্ত্রণ তো আগে থেকেই আছে। গতবারও আমি বলেছিলাম, ভারতের জনগণ, ভারতের প্রধানমন্ত্রী সামনে তাকাতে চান। আমরা ইতিবাচক।’
‘দুজন নেতা একসঙ্গে বসলে, আলোচনা হলে...গণতন্ত্রে ইস্যু (সমস্যা) থাকবে, ইস্যু না থাকলে ওটা গণতন্ত্র না। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে, ভালো সম্পর্ক।’
ভারতের হাইকমিশনার বলেন, ‘আমি সব সময় বলি যে, আমরা কেবল বর্ডার শেয়ার করি না, আমরা স্বপ্ন শেয়ার করি। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো?’
তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, আগামী দিন ভালোই হবে। সমস্যাগুলোর সমাধান করতেই হবে, দুই দিক থেকে। আমি খুবই আত্মবিশ্বাসী।’
বাংলাদেশ ও ভারতের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘সমস্যা না থাকলে তো গণতন্ত্র থাকবে না! আমি যখন বাড়ি যাই, বাড়িতেও ইস্যু থাকে। কোনো ইস্যু এমন না, যেটা আমরা সমাধান করতে পারি না। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে উইন-উইন সিচুয়েশন। দুই দেশের সাধারণ মানুষ কী চায়? ভারতের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়—সম্পর্ক ভালো হোক। এটা স্বাভাবিক।’
‘আর আমার এখানে আসা...আমার প্রধানমন্ত্রীও (নরেন্দ্র মোদি) আমাকে সব সময় এটা বলেছেন যে, সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার,’ যোগ করেন তিনি।
ভারতের হাইকমিশনার বলেন, আমরা পাবলিক ফিগার হিসেবে দেখা করলাম। আমি ডিপ্লোম্যাট নই। এটা ছিল জনপ্রতিনিধির সঙ্গে জনপ্রতিনিধির সাক্ষাৎ। আমি খুবই আনন্দিত, আমার সঙ্গে দেখা হলো। মনে হয়নি যে, প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি।
‘খুবই ভালো আলোচনা হলো, আমরা সামনে এগোতে চাই,’ যোগ করেন তিনি।