মেহেরপুর ও কুড়িগ্রাম সীমান্তে ২ বাংলাদেশিকে আটক বিএসএফের, একজনকে ফেরত
মেহেরপুর ও কুড়িগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুরে সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নানকে (৭০) বিএসএফ সদস্যরা আটক করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মান্নানের নাতি ইব্রাহিম বলেন, ‘সকাল ৮টার দিকে দাদা ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজ মরিচ খেতে কীটনাশক দিতে যান। সেসময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।’
মান্নানকে আটকের পর স্থানীয় গ্রামবাসী সীমান্ত অতিক্রম করে সীমান্ত পিলার ১২৩/৩-এসের কাছে দুই ভারতীয় নাগরিক শচীন দাস (৬৫) ও রতন বিশ্বাসকে (৩৫) আটক করেন বলে জানা গেছে। পরে দুজনকে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুপুর ৩টার দিকে মান্নান ও দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
এদিকে, গতকাল সোমবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছ থেকে আজিবর রহমানকে (২৪) বিএসএফ আটক করেছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, আজিবর ভূরুঙ্গামারীর কাজিয়ারচর এলাকার দোনালার মাথা-সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে অভিযোগ রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আজিবরকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তাকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যাবে, কেন তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন।
(এ প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন দ্য ডেইলি স্টারের কুষ্টিয়া ও লালমনিরহাট সংবাদদাতা)