পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, কার কী দায়িত্ব
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে, ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
টেকনোক্র্যাট হিসেবে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর, এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর নজির তৈরি হয়েছে।
এরপর প্রশ্ন উঠেছিল, প্রতিমন্ত্রী হিসেবে কার দায়িত্ব কী হবে সেটা কীভাবে নির্ধারণ হবে।
আজ রোববার একটি পরিপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করেছে।
এতে বলা হয়, দুই প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে তার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে সহায়তা করবেন।
সেক্ষেত্রে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং মন্ত্রীর নির্ধারিত করে দেওয়া অন্য যেকোনো বিষয়।
অপরদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদের কাজ হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি দেখা।
এই দায়িত্ব বন্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে বলে মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. নুরুল ইসলামের সই করা পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রোজকার বিষয়গুলোর দায়িত্ব ভাগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী মো. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপতি হিসেবে এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।
