৬ দাবিতে ৫ সেপ্টেম্বর হাজার গাড়ি নিয়ে লংমার্চ: জামায়াত

স্টার অনলাইন রিপোর্ট

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছয় দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে।

এ কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সরকারি দল ও অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের প্রস্তুতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক সংগ্রামে জনগণের বৈধ ও ন্যায্য দাবি আদায়ের নিয়মতান্ত্রিক পথের একটি কর্মসূচি হচ্ছে লংমার্চ। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে এবং কোনো উসকানিমূলক কর্মকাণ্ড থাকবে না।

তিনি বলেন, আমরা আশা করি, পুলিশ প্রশাসন, সরকারের সব ইন্টেলিজেন্স এবং ট্রাফিকসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবাই আমাদের চারটি রোডমার্চ কর্মসূচিতে জনগণের পাশে থেকে তা শান্তিপূর্ণ ও সফল করতে সহযোগিতা করবেন।

১১ দলের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘব, গণদাবি ও গণভোটের গণরায় বাস্তবায়ন মানুষের গণআকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা সহযোগিতা প্রত্যাশা করি।

গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

তিনি বলেন, লংমার্চে অন্তত এক হাজার গাড়ি যুক্ত হবে। পথে আরও গাড়িবহরে যোগ দেবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নয়টি জেলা ও মহানগরীর জামায়াতের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। পথে ছয়-সাতটি স্থানে শীর্ষ নেতাদের পথসভা করার পরিকল্পনা রয়েছে।

লংমার্চের ছয়টি প্রধান দাবি হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লংমার্চের প্রস্তুতি ও পুলিশের সঙ্গে সমন্বয় প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ১১ দলের নেতারা সোমবার পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে লং মার্চের রুট ও কর্মসূচি জানানো হয়েছে। পুলিশও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লেন ফাঁকা রাখার চেষ্টা করা হবে। তবে হাজার হাজার গাড়ির বহরের কারণে কোথাও কোথাও কিছুটা যানজট বা ভোগান্তি হতে পারে।

‘লংমার্চ সফল করতে যদি ব্যবসা বা চলাচলে কিছুটা কষ্ট বা ভোগান্তি হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি’, বলেন তিনি।

লংমার্চ নিয়ে কোনো নাশকতা বা হামলার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো নেতিবাচক তথ্য বা আশঙ্কার খবর নেই।