চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়ায় ওই ছয়জন এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির ১৬ নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের ১২ ব্যাটালিয়নের শামসের নগর ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ঘটনাস্থলে যায়। তারা ওই ছয়জনকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে বিজিবি।