বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ৩ জেলায় স্থানীয় দুপক্ষের সংঘর্ষ, আহত ৮৯

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে তিন জেলায় দলটির দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮৯ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সকাল সাড়ে ১১টার দিকে জমজম টাওয়ারের সামনে স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থকদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থকদের সংঘর্ষ হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুপক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে। শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজারে পৌঁছালে সপুর সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

তবে ওসি জুয়েল মিয়া বলেন, কোনো পুলিশ সদস্য আহত হননি। দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তবে তাদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে গলাচিপা উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার নেতৃত্বে একটি এবং বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীদের নেতৃত্বে আরেকটি মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কালিবাড়ি সড়ক এলাকায় দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

হাসান মামুনের অনুসারী আব্দুস সাত্তার হাওলাদার অভিযোগ করেন, তাদের ওপর প্রথমে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।

তবে গোলাম মোস্তফার অনুসারী ইখতিয়ার রহমান কবির এ অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো উসকানি ছাড়াই প্রতিপক্ষ আমাদের ওপর হামলা করে।

জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ডেইলি স্টারকে বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হলে পুলিশ মাঝখানে থেকে তাদের সরিয়ে দিতে সক্ষম হয়। পরে আবার উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির স্থানীয় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ দুপুর ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে দলটির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষ ও ভাঙচুরের পর দায়ীদের গ্রেপ্তারের দাবিতে সালাউদ্দিনের সমর্থকেরা বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সালাউদ্দিনের সমর্থকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।