ময়মনসিংহে যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরহাদের বাবা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, রাতে বাসা থেকে বের হওয়ার সময় মুখোশ পরা দুজন লোক জাপটে ধরে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক আন্দোলনে সক্রিয় ছিল। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ওসি কামরুল ইসলাম বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে।
এ ঘটনায় এখনো মামলা করা হয়নি বলে জানান তিনি।