সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক মো. আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তিন আসামিকে আদালতে হাজির করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার প্রধান আসামি ও হত্যাকাণ্ডের মূলহোতা জহুরুল ইসলাম এবং অপর আসামি আপণকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হলে দুজনই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

‘এছাড়া আসামি জিহাদকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে হাজির করা হলে তিনিও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তিন আসামিকেই কারাগারে পাঠানোর আদেশ দেন,’ বলেন ওসি।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রাতে এক বৃদ্ধ অটোরিকশা গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবির এসআই আলতাফ হোসেনের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে নিজের পোশাক কারখানায় আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও হামলা চালায়। এ সময় তার ছেলে আরিফুলকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  আলতাফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আলতাফের স্ত্রী শিউলী পারভীন ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় এজাহারভুক্ত নয়জনসহ মোট ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।