ফোনে ডেকে নেওয়া যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে হামলা-আগুন
ভোলার চরফ্যাশনে এক যুবকের মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বসার পন্ডিত (৩৫) উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় সালমা ফোন করে বসারকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আজ দুপুর ১২টার দিকে সালমার বাড়ির সামনে একটি ডোবা থেকে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় বসারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের একটি অংশ সালমার বসতঘরে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বসারের বাবা আবুল কাশেম ডেইলি স্টারকে বলেন, ‘আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরে তার মরদেহ পাওয়া গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান বলেন, সন্দেহভাজন সালমা ও তার স্বামী সাইদুর রহমানসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই নিহত বসারের ঘনিষ্ঠজন। তাদের সঙ্গে বসারের অর্থনৈতিক লেনদেন ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর অর্থনৈতিক লেনদেন ও প্রতিশোধপরায়ণতা থেকে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান আহসানুজ্জামান।