সড়ক-ফুটপাতে হকার বসলেই মালপত্র জব্দ: ডিএসসিসি প্রশাসক
সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালপত্র জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি জানান, সিটি করপোরেশন নির্ধারিত ও অনুমোদিত স্থানের বাইরে ঢাকার কোথাও হকার বসতে দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার ধলপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিষয় পরিদর্শন করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দিয়েছি। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, শহরের সব হকারকে সিটি করপোরেশন থেকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে পারবে না।
উচ্ছেদের পরে পুনরায় ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে।
হকারদের পুনর্বাসন প্রসঙ্গে সালাম বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই।
পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫ এর প্রবেশপথে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজের কারণে জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আবদুস সালাম। তিনি বলেন, এ কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।