বাংলামোটরে যুবকের মাথায় আঘাত-ফাঁকা গুলি: যুবদলের বহিষ্কৃত নেতা পুলিশ হেফাজতে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বাংলামোটরে এক যুবকের মাথায় আঘাত ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত সোহাগকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহান ও হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা পরস্পরের প্রতিবেশী।

তিনি বলেন, একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সেখানে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি গলিতে সাইমনের বাসার সামনে জড়ো হন স্থানীয়রা।

রাত সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও এসআরবির সদস্যদেরও দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সোহেল অভিযোগ করেন, সাইমনের কর্মকাণ্ডে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তার চাঁদাবাজিতে এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি এলাকার পরিবেশ নষ্ট করে দিয়েছেন।

পরে রাত ১২টার দিকে সাইমনকে তার বাসা থেকে বের করে হেফাজতে নেয় পুলিশ।

ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।