সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনে তিনি মারা যান।

বিডিনিউজ-এর বিশেষ প্রতিনিধি সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’

বিডিনিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল।’

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সালের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার জন্ম ১৯৬৭ সালের ১৪ জুন এবং সাংবাদিকতার শুরু ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তোর শেষ করে তিনি যোগ দেন সানডে এক্সপ্রেস পত্রিকায়। তিনি প্যারিসের জার্নালিস্টস ইন ইউরোপ ফাউন্ডেশন এবং জাপান ফরেন প্রেস সেন্টারের ফেলো হিসেবে আন্তর্জাতিক সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণ নেন।

২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। এর আগে তিনি দ্য ডেইলি স্টারে কূটনৈতিক প্রতিবেদক, বিজনেস এডিটর, যুগ্ম বার্তা সম্পাদক এবং উইকেন্ড এডিশনের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসে তিনি সহকারী সম্পাদক ও সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন।