সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহছানিয়া মিশনে মোমবাতি প্রজ্বলন

স্টার অনলাইন রিপোর্ট

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও পদযাত্রা করেছে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর অফিসের সামনে মোমবাতি প্রজ্বলন ও পদযাত্রা হয়।

কর্মসূচিতে আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা-কর্মচারী ও পথচারীরা অংশ নেন।

আহছানিয়া মিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনা বিশ্বজুড়ে মানুষের মৃত্যু অষ্টম বৃহত্তম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেফটি ২০১৮-এর তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে ১৩ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। ৫-২৯ বছর বয়সসীমার মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এভাবে মৃত্যুর ৯০ শতাংশ ঘটনা নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।

মহাসড়কে দুর্ঘটনার ৮০ শতাংশ ঘটে বেপরোয়া চালকদের জন্য। গাড়ির গতি ঘণ্টায় ১ কিলোমিটার বাড়লে দুর্ঘটনার সম্ভাবনা ৪-৫ শতাংশ বেড়ে যায়। যানবাহনের গতি যত বেশি কমে পথচারীদের হতাহতের ঝুঁকিও তত কমে।