আপিল বিভাগে আদেশ বহাল, বিএনপির মজিবুর রহমানের কারামুক্তিতে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

রাজারবাগ পুলিশ লাইনে হামলার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম 'নো অর্ডার' দেন।

এই আদেশের ফলে মজিবুর রহমান সরোয়ারের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশের দিন রাজারবাগ পুলিশ লাইনে হামলার ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমানকে ৩ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। আপিল বিভাগের আদেশে তার জামিন বহাল থাকায় কাশিমপুর কারাগার থেকে তার মুক্তিতে কোনো বাধা থাকল না।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

হাইকোর্ট ১৮ ডিসেম্বর মজিবুর রহমানকে জামিন দেন।