টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদোর পাশে পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক

বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো! এই সময়ে গোলের খোঁজে তার নেওয়া ৩৩টি শটের একটিও জড়ায়নি জালে। তবে আরেকটি বিবর্ণ পারফরম্যান্সের পরও ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ রবার্তো মার্তিনেজ।

এবারের বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী পর্তুগালের শুরুটা মোটেও ভালো হয়নি। বুধবার রাতে হিউস্টনে 'কে' গ্রুপের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অধিকাংশ সময় বল পায়ে রাখলেও আক্রমণে তারা ছিল অগোছালো ও ধারহীন।

এই ম্যাচে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। মাঠে তার নিস্প্রভ উপস্থিতি কিংবা দলের সামগ্রিক জড়তা— সব মিলিয়ে পর্তুগালের আক্রমণভাগে এক চরম সমন্বয়হীনতা ফুটে ওঠে, যা ম্যাচের পরিসংখ্যানেও স্পষ্ট। তবে জয়সূচক গোল পাওয়ার তাগিদে বাকি খেলোয়াড়দের অদলবদল করলেও রোনালদোকে গোটা ম্যাচেই খেলান মার্তিনেজ।

কঙ্গোর বিপক্ষে নেমে আর্জেন্টিনার লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ডে ভাগ বসান রোনালদো। ৪১ বছর ১৩২ দিন বয়সে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে খেলে তিনি ছুঁয়ে ফেলেন চিরপ্রতিদ্বন্দ্বীকে। তবে রেকর্ড বইয়ের পাতা ভারী হলেও মাঠের সবুজ গালিচায় বিশেষ কিছুই করতে পারেননি তিনি। বরং মাঠে তার মন্থর মুভমেন্টে স্পষ্ট হয়ে ওঠে বয়সের ভারী অবয়ব।

হতাশার ম্যাচ শেষে রোনালদোকে ঠিকমতো বলের জোগান দেওয়ার ঘাটতিকেই বড় করে দেখিয়েছেন পর্তুগালের কোচ। দলের অধিনায়ককে পুরোপুরি আগলে রেখে তিনি বলেছেন, 'যখন আপনার গোলের প্রয়োজন, তখন বিশ্ব ফুটবলের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানেই হয় না। আমাদের জন্য এই ধরনের মুহূর্তে ডি-বক্সে ক্রিস্তিয়ানোর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যেভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজের দিকে টেনে রাখে এবং এর ফলে সৃষ্টি হওয়া ফাঁকা জায়গাগুলো আমরা যেভাবে ব্যবহার করতে পারি, তা দলের জন্য ভীষণ দরকারি।'

ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্যমতে, ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকে রোনালদো বল স্পর্শ করতে পারেন মাত্র ২৫ বার। পর্তুগালের জার্সিতে কোনো বড় টুর্নামেন্টে পুরো ম্যাচ খেলার ক্ষেত্রে যা তার ক্যারিয়ারেরই সর্বনিম্ন। তিনি গোলমুখে তিনটি শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে।

তাছাড়া, এই ম্যাচের মধ্য দিয়ে বড় মঞ্চে (বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে) টানা ১০ ম্যাচে গোল পাননি রোনালদো। এই দীর্ঘ খরায় গোলমুখে তার নেওয়া ৩৩টি শটের মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। তবে কাঙ্ক্ষিত জালের দেখা আর মেলেনি।

রোনালদোর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মার্তিনেজ আরও বলেছেন, 'মাঠে প্রতিটি খেলোয়াড়েরই আলাদা দায়িত্ব বা নিজস্ব গুণ থাকে। আর স্পষ্টতই, আপনি যখন গোল খুঁজছেন, তখন ক্রিস্তিয়ানোকে আপনার মাঠে লাগবেই।'

কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে পর্তুগালের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। 'কে' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।