বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার

নিজস্ব সংবাদদাতা, নাটোর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন অপহরণের শিকার হওয়া প্রার্থী দেলোয়ার হোসেন।

গতকাল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল প্রার্থিতা প্রত্যাহার করেন।

আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। 

দেলোয়ার শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে নাটোর জেলা নির্বাচন অফিস থেকে দেলোয়ারকে অপহরণের অভিযোগ ওঠে লুৎফুল হাবীব‌ রুবেল ও তার লোকজনের বিরুদ্ধে।

এরপর রুবেলকে কারণ দর্শানো নোটিশ দেয় নির্বাচন কমিশন। পরে গতকাল তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। 

নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, 'কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হয়ে গেলে রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন। যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই, সে কারণে আগামীকাল তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।'

তবে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ হবে বলে জানান তিনি।