চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন পাওয়া শামসুজ্জামান হেলালী নির্বাচনে দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর।
জামায়াতে ইসলামীর নগর শাখার প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলের স্থানীয় দায়িত্বশীল সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে।’
গতকাল সোমবার সন্ধ্যায় নগর শাখার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির নজরুল ইসলাম।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর শাখার সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহসহ নগর কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে শামসুজ্জামান পরিচিত মুখ। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে ২০১০ সালে ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
সর্বশেষ চট্টগ্রাম-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন তিনি।
মেয়র পদপ্রার্থী হওয়ার প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।’