আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। সংগঠনটি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় মো. ইসমাইল জবিউল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।