সংরক্ষিত নারী এমপি ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।’
বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই নির্দেশনা এসেছে বলে জানান তিনি।
একটি সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেরদৌসীকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
স্বাস্থ্যকেন্দ্রটি বিগত প্রায় ৫ দশক ধরে ওই এলাকায় স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল।
বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ নারী সংরক্ষিত আসন থেকে সংসদে নির্বাচিত ৩৬ জন আইনপ্রণেতার একজন ফেরদৌসী। চলতি বছরের ৩ মে সংরক্ষিত আসনের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন।
ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক নেতার নামও আসে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সেদিন হামলার পর 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের' নামে ওই স্থানে সাইনবোর্ড বসানো হয়।
ফেরদৌসী জানান, তিনি ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। ২০০৬ সালে স্বাস্থ্যকেন্দ্রের দখলে থাকা জমিটি তার সইসহ 'সমমনা দোকানদার সমবায় সমিতির' নামে বরাদ্দের আবেদন জানানো হয়েছিল। ফেরদৌসী সেসময় সমিতির সভাপতি ছিলেন।
কমিটি বিলুপ্ত
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
ফেরদৌসী এই কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালে অনুমোদিত ৫১ সদস্যের কমিটিতে আহ্বায়কের পর তৃতীয় যুগ্ম-আহ্বায়ক হিসেবে তার নাম ছিল।
চলতি বছর বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হন ফেরদৌসী।
কিন্তু শপথ নেওয়ার ৫ মাসের কম সময়ের মধ্যে তাকে পদত্যাগ করার নির্দেশনা এলো।
ফেরদৌসীর রাজনৈতিক ক্যারিয়ার মিরপুর এলাকাকে ঘিরেই। তার স্বামী বিএনপি নেতা সাইদুর রহমান নিউটন ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন।
২০০২ সালের ১০ মে নিউটন নিহত হওয়ার পর ফেরদৌসী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওই ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। পরে তিনি একাধিকবার কাউন্সিলর নির্বাচনে অংশ নেন।
ফেরদৌসী আহমেদের বড় ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালে রাজশাহী কারাগারে মারা যান পিন্টু।
দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর ফেরদৌসী ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আসেন।

